নীলফামারীর সৈয়দপুরে পান আনতে পাঠিয়ে ব্যাটারিচালিত ভ্যান ছিনিয়ে নেওয়া সেই কিশোর রেজওয়ান ইসলামকে (১৪) নতুন একটি ভ্যান দিয়েছে উপজেলা প্রশাসন ও ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কিশোর রেজওয়ান ও তার পরিবারের হাতে নতুন একটি ব্যাটারিচালিত ভ্যান উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা।
এর আগে গত ২৭ আগস্ট ‘পান আনতে পাঠিয়ে কিশোরের ভ্যান ছিনিয়ে নিল দুর্বৃত্তরা’ শিরোনামে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশিত হয়।
কিশোর রেজওয়ান ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর বাহাগিলি ডাঙ্গাপাড়া এলাকার ওলিয়ার রহমানের ছেলে।
জানা যায়, রংপুরের তারাগঞ্জ বাজার থেকে দুই ব্যক্তি সৈয়দপুরে বাসার জিনিসপত্র নিয়ে যাওয়ার কথা বলে রেজওয়ানকে ব্যাটারিচালিত ভ্যানসহ ভাড়া করেন। পরে সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কে গিয়ে তারা রেজওয়ানকে সড়কের অপর পাশের একটি দোকান থেকে পান আনতে পাঠান। রেজওয়ান পান নিয়ে ফিরে এসে দেখেন, ওই দুই ব্যক্তি তার ভ্যানটি নিয়ে পালিয়ে গেছেন।
পরে ভ্যান হারিয়ে কান্নাজড়িত রেজওয়ানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে তাকে সহায়তার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা। এর পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে রেজওয়ান ও তার পরিবারের হাতে নতুন একটি ব্যাটারিচালিত ভ্যান এবং খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা ঢাকা পোস্টকে বলেন, কিশোরের পরিবারের আয়ের একমাত্র মাধ্যম কেড়ে নেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। রেজওয়ান যাতে আবার নিজের পায়ে দাঁড়াতে পারে, সে জন্য উপজেলা প্রশাসন ও ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে তার পরিবারের হাতে নতুন ভ্যান তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীও দেওয়া হয়েছে।
শাহজাহান ইসলাম লেলিন/এমএমবি
