হেরেও অর্ধলক্ষাধিক টাকা অনুদান দিলেন ব্যারিস্টার সুমন

কিশোরগঞ্জের ভৈরবে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে এসে ভৈরব একাদশের কাছে ২-১ গোলে হেরেও স্টেডিয়াম পরিচর্যা ও খেলোয়াড়দের জন্য অর্ধলক্ষাধিক টাকা অনুদান দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
শনিবার (১৩ নভেম্বর) বিকেলে ভৈরব উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে এ প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে স্টেডিয়াম ছিল কানায় কানায় পরিপূর্ণ। টান টান উত্তেজনার এ ম্যাচে ভৈরব ফুটবল একাদশ ২-১ গোলে ব্যারিস্টার সুমন ফুটবল একাদশকে পরাজিত করে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেণু, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাঁস হোসেন সৌরভ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক রাফি উল মঈন, মোশারফ হোসেন প্রমুখ।

এ সময় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তরুণ ও যুবকদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলার পাশাপাশি লেখাপড়াও করতে হবে। খেলাধুলা করলে মাদক থেকে দূরে থাকা যাবে। দলমত নির্বিশেষে সবাই মিলে ফুটবলকে আরও সামনে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, আজকের খেলোয়াড়রাই আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিকমানের খেলোয়াড় হয়ে দেশের সুনাম কুড়িয়ে আনবে। এ সময় তিনি মাঠ পরিচর্যা ও খেলোয়াড়দের জন্য অর্ধলক্ষাধিক টাকা অনুদান প্রদান করেন।
এসকে রাসেল/এমএসআর