স্বর্ণ স্মারক মুদ্রার দাম একলাফে বাড়ল ৫৫ হাজার টাকা

দেশের সোনার দাম ঊর্ধ্বমুখী অবস্থায় আছে। এখন ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে গুনতে হচ্ছে দুই লাখ ৫৮ হাজার টাকা। বাজারে এই ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে স্বর্ণের স্মারক মুদ্রাতেও। এ অবস্থায় স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি স্মারক মুদ্রার দাম এক লাফে ৫৫ হাজার টাকা বাড়িয়ে দুই লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন এই মুদ্রার দাম ছিল এক লাখ ৮৫ হাজার টাকা।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি এবং দেশের বাজারে স্বর্ণের উচ্চমূল্যের সঙ্গে সমন্বয় করতেই স্মারক স্বর্ণমুদ্রার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এ দাম আজ থেকে কার্যকর হয়েছে। এখন ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করা ১০ গ্রাম ওজনের স্মারক স্বর্ণ মুদ্রা (বাক্সসহ) প্রতিটি বিক্রি হবে দুই লাখ ৪০ হাজার টাকায়।
এছাড়া, বর্তমানে বাজারে ১১টি স্মারক রৌপমুদ্রা (ফাইন সিলভার) রয়েছে। এসব রূপার স্মারক মুদ্রার ওজন ২০ গ্রাম থেকে ৩১ দশমিক ৪৭ গ্রাম। এসব স্মারক রৌপ্য মুদ্রার দাম ২১ হাজার টাকা। যা এতদিন ছিল ১৪ হাজার টাকা।
এদিকে সকাল-বিকাল দাম ওঠানামার মধ্য দিয়ে চলছে সোনার বাজার। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।
২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।
এদিকে দেশের বাজারে মূল্য কমানো হলেও বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৯৬৬ ডলার। আগের দিন ছিল ৪ হাজার ৮৫০ ডলার। এর আগে ৩০ জানুয়ারি ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।
এদিকে গত মাসের শেষের দিকে বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় দেশের বাজারে রেকর্ড পরিমাণ বাড়ে। ২৯ জানুয়ারি সকালে একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায় বাজুস। এতে করে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। সেই সঙ্গে একধাপে সোনার দাম আর কখনোই এতটা বাড়ানো হয়নি।
এসআই/এমজে