অগ্রাধিকার ভিত্তিতে অর্থনীতি পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগের আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় ও সরকার গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
সংগঠনটি মনে করে, বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন করেছেন, যারা আগামীতে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে যোগ্য নেতৃত্বের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে অর্থনীতি পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি দ্রুত বাস্তবায়ন করবেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশের বেসরকারি খাতের প্রতিনিধিত্বকারী অন্যতম বাণিজ্য সংগঠন ডিসিসিআই থেকে এক অভিনন্দন বার্তায় এ প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ডিসিসিআই জানায়, বিদ্যমান বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে যুক্তরাষ্ট্র কর্তৃক পারস্পরিক শুল্কারোপ এবং অভ্যন্তরীণ নানামুখী সংকটের কারণে আমাদের স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্থানীয় বিনিয়োগসহ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) প্রাপ্তিতে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়নি, সেইসঙ্গে রপ্তানিমুখী খাতের অবস্থাও তেমন আশাব্যঞ্জক নয়।
ডিসিসিআই মনে করে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এসএমই খাত, যার ফলে প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ যেমন কমেছে, সেইসঙ্গে হোঁচট খেয়েছে সামগ্রিক উৎপাদন ইকোসিস্টেম। এ অবস্থায় উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়াই কষ্টসাধ্য হয়ে পড়েছে।
এছাড়াও সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনাকাঙ্ক্ষিত নাজুক অবনতি স্থানীয় ও বিদেশি উদ্যোক্তাদের শিল্পকারখানা পরিচালনাকে নিরুৎসাহিত করছে। বন্দরগুলোর কার্যক্রম ও ব্যবস্থাপনার সমন্বয়হীনতা, এনবিআর সংস্কারের কার্যক্রমে সৃষ্ট অচলাবস্থা, শিল্প খাতের প্রয়োজনীয় জ্বালানি প্রাপ্তির অনিশ্চয়তা, সুদের উচ্চহার, সংকোচনমুখী মুদ্রানীতি, উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তির দীর্ঘসূত্রতা এবং সর্বোপরি প্রয়োজনীয় নীতিসহায়তার অভাব প্রভৃতি বিষয়গুলো দেশের বেসরকারি খাতের অগ্রগতি মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।
এমন পরিস্থিতি মোকাবিলায় দেশের জাতীয় স্বার্থ বিবেচনায় কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির উপস্থিতির বিকল্প নেই বলে মনে করে ডিসিসিআই। সম্প্রতি অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে দেশবাসী তাদের জনপ্রতিনিধি নিশ্চিত করেছে। দেশের সার্বিক অর্থনীতিকে গতিশীল রাখতে শিল্প ও বাণিজ্য খাতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো নিরসনে নবনির্বাচিত সরকারের প্রতি আবেদন জানাচ্ছে ঢাকা চেম্বার।
এমএমএইচ/এসএসএইচ