যে শেয়ারে ১০ লাখ টাকা বিনিয়োগে দুই মাসে কোটি টাকা লাভ!

বন্ধের ঝুঁকিতে থাকা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ারদরে সাম্প্রতিক সময়ে দেখা দিয়েছে অবিশ্বাস্য উল্লম্ফন। লোকসানে ধুঁকতে থাকা কোম্পানিটির শেয়ারের দাম গত দুই মাসে বেড়েছে প্রায় ১১ গুণ। এর ফলে কেউ যদি মাত্র দুই মাস আগে এই শেয়ারে ১০ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তবে এখন তার মুনাফা ও মূলধন মিলিয়ে দাঁড়িয়েছে এক কোটি টাকারও বেশি।
বিজ্ঞাপন
বাজার বিশ্লেষণে দেখা গেছে, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ১৪ জানুয়ারি ইন্টারন্যাশনাল লিজিংয়ের প্রতিটি শেয়ারের দাম ছিল মাত্র ৩৭ পয়সা। ঈদের আগে পুঁজিবাজারে সর্বশেষ লেনদেন হওয়া ১৬ মার্চ শেয়ারটির দর বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ দুই মাসে দাম বেড়েছে ৩ টাকা ৫৩ পয়সা বা ১০ দশমিক ৫৪ গুণ।
কোম্পানিটির শেয়ারদরে এমন বড় ধরনের উত্থান হলেও বিনিয়োগকারীদের উদ্দেশে গত ১৬ মার্চ পর্যন্ত কোনো সতর্কবার্তা প্রকাশ করেনি ডিএসই। অথচ শেয়ারের এই ঊর্ধ্বগতির আগে দীর্ঘ সময় বড় ধরনের দরপতন হয়েছিল। ২০২৪ সালের ২১ মার্চ কোম্পানির শেয়ারদর ছিল ৫ টাকা ৯০ পয়সা, যা কমে গত ১৪ জানুয়ারি ৩৭ পয়সায় নেমে আসে।
সাম্প্রতিক সময়ের এই আকস্মিক উত্থান অনেক বিনিয়োগকারীকে ঝুঁকিপূর্ণ অবস্থানে ঠেলে দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, যদি গত ১৪ জানুয়ারি এই কোম্পানিতে কেউ ১০ লাখ টাকার শেয়ার কিনে বিনিয়োগ করে থাকেন, তবে দুই মাস পর এখন তার মুনাফাসহ মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকা। অর্থাৎ ১০ লাখ টাকা বিনিয়োগে দুই মাসে নিট মুনাফা হয়েছে ৯৫ লাখ ৪০ হাজার টাকা। এক শ্রেণির জন্য এটি বড় মুনাফা হলেও যারা এখন উচ্চমূল্যে শেয়ারগুলো কিনছেন, তারা বহুমাত্রিক ঝুঁকির মধ্যে পড়ে গেছেন।
বিজ্ঞাপন
সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৭১ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে লোকসান ছিল ২ টাকা ৮৬ পয়সা।
কোম্পানিটি ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ২০১৫ সালে ৫ শতাংশ, ২০১৬ সালে ৬ শতাংশ, ২০১৭ সালে ১২ শতাংশ এবং ২০১৮ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়। এরপর টানা লোকসানের কারণে লভ্যাংশ দিতে পারেনি কোম্পানিটি।
২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিংয়ের পরিশোধিত মূলধন ২২১ কোটি ৮১ লাখ টাকা। শেয়ারসংখ্যা ২২ কোটি ১৮ লাখ ১০ হাজার ২৪৬টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৪১ দশমিক ৫৫ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪১ দশমিক ৯২ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১৬ দশমিক ৫৩ শতাংশ শেয়ার।
বিজ্ঞাপন
এমএমএইচ/বিআরইউ