জ্বালানি সংকটের প্রভাবে দেশের অর্থনীতিতে এক ধরনের চাপ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে দেশের ব্যবসায়ী সমাজ এই সংকট মোকাবিলায় সরকারের কাছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
শনিবার (৪ এপ্রিল) রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
দেশের বিনিয়োগ পরিবেশ চাঙা করা এবং শিল্পখাতের বিদ্যমান সংকট মোকাবিলার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে এটি ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, ব্যবসায়ীরা শিল্পোৎপাদন সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি বা সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের জন্য সরকারি সহায়তার প্রয়োজনীয়তার কথা তারা তুলে ধরেন। বিদেশি বিনিয়োগকারীদের যাতায়াত সহজ করতে এবং বিমানবন্দরের ঝামেলা এড়াতে ‘ই-ভিসা’ চালুর দাবিও জানিয়েছেন ব্যবসায়ীরা।
বিজ্ঞাপন
অর্থনৈতিক সংস্কারের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক ঋণের সুদহার কমানো, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার এবং নির্দিষ্ট কিছু ব্যবসায়ীর ওপর করের বোঝা না চাপিয়ে করের আওতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন ব্যবসায়ী নেতারা। এ ছাড়া মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্সপ্রাপ্তি সহজীকরণ এবং বাণিজ্যে গতি আনতে গভীর সমুদ্রবন্দর দ্রুত চালুর আহ্বান জানিয়েছেন তারা।
ব্যবসায়ীদের সমস্যার কথা প্রধানমন্ত্রী নিজে জানতে চেয়েছেন উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশে ব্যবসায়ীদের নানা সংকটের কথা বিগত দিনে আমরা শুনে এসেছি। প্রধানমন্ত্রী এবার সরাসরি ব্যবসায়ীদের মুখ থেকে তাদের সমস্যার কথা শুনতে চেয়েছিলেন। তাঁদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নোট নেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেক সমস্যার সমাধান হয়েছে এবং বাকি বিষয়গুলো আলাপ-আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে।”
বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন। এছাড়া ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মনজুর, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান এবং প্রাণ-আরএফএল গ্রুপের সিইও আহসান খান চৌধুরী প্রমুখ।
বিজ্ঞাপন
এএইচআর/বিআরইউ
