ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) একটি প্রতিনিধি দল দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে চীনের উদ্দেশ্যে রওনা হচ্ছে। সংগঠনের ২২ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল আগামীকাল বুধবার (১৫ এপ্রিল) চীনের গুয়াংজু শহরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
বিজ্ঞাপন
জানা গেছে, এই সফরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পৃক্ততা জোরদার করা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ করা এবং দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে নতুন ব্যবসায়িক সহযোগিতার সুযোগ অন্বেষণ করা।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ডিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি রাজীব এইচ চৌধুরী। এ দলে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, সিরামিক, তথ্যপ্রযুক্তি, অটোমোটিভ, শিল্পকারখানার তেল ও গ্রিজ, শিপিং ও লজিস্টিকস সেবা, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, ফার্মাসিউটিক্যালস, নবায়নযোগ্য জ্বালানি, প্রতিরক্ষা সরঞ্জাম এবং তৈরি পোশাক খাতের রপ্তানিকারক ও আমদানিকারকরা অন্তর্ভুক্ত রয়েছেন।
বিজ্ঞাপন
সফরকালে প্রতিনিধি দলটি চীনের শীর্ষস্থানীয় বাণিজ্য উন্নয়ন সংস্থা ও চেম্বারগুলোর সঙ্গে একাধিক বিজনেস ফোরাম এবং বি-টু-বি নেটওয়ার্কিং সেশনে অংশগ্রহণ করবে। এসব সংস্থার মধ্যে রয়েছে সিসিপিআইটি গুয়াংজু, সিসিপিআইটি গুয়াংজু নানশা, গুয়াংজু নানশা সার্ভিসেস ট্রেড অ্যাসোসিয়েশন, গুয়াংডং চেম্বার অব কমার্স অব ইমপোর্টারস অ্যান্ড এক্সপোর্টারস, চায়না চেম্বার অব কমার্স ফর ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব মেশিনারি অ্যান্ড ইলেকট্রনিক প্রোডাক্টস (সিসিসিএমই) এবং গুয়াংজু ওভারসিজ এন্টারপ্রাইজেস চেম্বার অব কমার্স।
এই সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি চীনের অন্যতম প্রধান আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ক্যান্টন ফেয়ারে অংশগ্রহণ করবে, যেখানে তারা কাঠামোবদ্ধ ক্রেতা-বিক্রেতা ম্যাচমেকিং সেশন এবং সরেজমিনে ব্যবসায়িক সম্ভাবনা যাচাই কার্যক্রমে যুক্ত থাকবে। এছাড়াও প্রতিনিধি দলটি গুয়াংজু সোর্সিং ফেয়ারেও অংশ নেবে।
এসব কার্যক্রমের মাধ্যমে ডিসিসিআই আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা জোরদার এবং বাংলাদেশি উদ্যোক্তাদের বৈশ্বিক সাপ্লাই চেইনে আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
বিজ্ঞাপন
এমএমএইচ/এমএসএ
