‘ক্লিন এনার্জি ট্রানজিশন রিপোর্টিং ফেলোশিপ-২০২৬’ পেয়েছেন ঢাকা পোস্টের বিশেষ প্রতিবেদক এফ এম আবদুর রহমান মাসুম।
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) যৌথভাবে ওই ফেলোশিপের আয়োজন করে।
সোমবার (২২ জুন) রাজধানীতে ইআরএফ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ফেলোদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফের সভাপতি দৌলত আক্তার মালা এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কাশেম। অনুষ্ঠানে এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
‘সবুজ শক্তির স্বপ্নে ফাটল : নিম্নমানের যন্ত্রাংশ ও উচ্চ শুল্কে আস্থার সংকট’- শীর্ষক প্রতিবেদনের জন্য আবদুর রহমান মাসুম পুরস্কৃত হয়েছেন। একই দিন সংবাদপত্র, অনলাইন পোর্টাল এবং টেলিভিশন চ্যানেলের মোট ৬ জন সাংবাদিক ফেলোশিপ পেয়েছেন।
অন্যান্য ফেলোরা হলেন— ডেইলি সানের রফিকুল ইসলাম, এসএ টিভির সালাউদ্দিন আহমেদ বাবলু, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিয়াদ হোসেন, ইনডিপেনডেন্ট টিভির হরিপদ সাহা এবং জাতীয় অর্থনীতির হাসান আরিফ।
ফেলোদের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের উপ-সম্পাদক টিটু দত্ত এবং ক্লাইমেট অ্যাকশন অ্যাগেইনস্ট ডিসইনফরমেশন (সিএএডি)-এর কমিউনিকেশনস কো-চেয়ার কুন্তল রায়।
অনুষ্ঠানে বক্তারা দেশে অনুসন্ধানী সাংবাদিকতার প্রসার, সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং সাংবাদিক সংগঠনগুলোর টেকসই সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দুর্নীতি ও বৈষম্যমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য অনুসন্ধানী সাংবাদিকতার ওপর জোর দেন। তারা সাহসী ও নিরপেক্ষ সাংবাদিকতা, সঠিক তথ্য সংগ্রহের জন্য কঠোর পরিশ্রম এবং চ্যালেঞ্জ সত্ত্বেও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
এফ এম আবদুর রহমান মাসুম এর আগে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক ইআরএফ-এমআরডিআই ফেলোশিপ-২০২৬, চীন বিষয়ক এবং চীন-বাংলাদেশ নানামুখী সম্পর্ক নিয়ে প্রতিবেদন করে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫, দুর্নীতিবিরোধী সাংবাদিকতায় বর্ষসেরা প্রতিবেদক এমজিআই-র্যাক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩, বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ এবং এনবিআর সেরা রিপোর্টার-২০১৭ অর্জন করেছেন।
আরএম/জেডএস
