শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন সামান্য বেড়েছে

চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ মার্চ) দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক এক শতাংশ বা তার বেশি বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেনদেনের শুরুতেই অধিকাংশ শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় অংশ নেয়। দিনশেষে ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি শেয়ার ও ইউনিটের মধ্যে ৩৪০টির দাম বাড়ার তালিকায় স্থান পেয়েছে। বিপরীতে দাম কমেছে ৪২টির। আর ১২টির দাম দিনশেষে অপরিবর্তিত রয়েছে।
দাম বাড়ার তালিকায় এই বিশাল সংখ্যক সিকিউরিটিজ চলে যাওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৬ পয়েন্টে উঠেছে।
এদিকে সবকটি মূল্যসূচকে বড় উত্থানের পাশাপাশি ডিএসইর লেনদেনও সামান্য বেড়েছে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭৭৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। রোববার বাজারটিতে ৭৭৫ কোটি ৫৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সবগুলো মূল্যসূচকে উত্থান হয়েছে। এক্সচেঞ্জটির সার্বিক মূল্যসূচক সিএএসপিআই দিনের ব্যবধানে ১৪৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫০০ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর প্রধান সূচক সিএসসিএক্স ৭৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৯৯ পয়েন্টে নেমেছে।
বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯৭ প্রতিষ্ঠানের মধ্যে ১৪০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৪টির এবং ১৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৫ লাখ টাকা। রোববার এক্সচেঞ্জটিতে ১২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়।
এমএমএইচ/জেডএস