৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির প্রায় ১ হাজার ৩২৫ কোটি টাকার রেকর্ড নিট মুনাফা অর্জিত হয়েছে। এই বড় অঙ্কের মুনাফা অর্জনের পরও আলোচিত বছরে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের মাত্র ২২৮ কোটি টাকা লভ্যাংশ হিসেবে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞাপন
ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২৫ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। অর্জিত নিট মুনাফার সঙ্গে ১৫ শতাংশ হারে ঘোষিত নগদ লভ্যাংশের তুলনা করলে দেখা যায়, আলোচিত হিসাব বছরে ব্যাংকটি যে পরিমাণ মুনাফা অর্জন করেছে তার মাত্র ১৭ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে বিতরণ করা হবে। বাকি ৮৩ শতাংশই ব্যাংকে রেখে দেওয়া হচ্ছে।
আর্থিক প্রতিবেদন ও লভ্যাংশের তথ্য অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৮ টাকা ৭১ পয়সা হিসেবে সিটি ব্যাংকের নিট মুনাফা হয়েছে ১ হাজার ৩২৪ কোটি ৯৮ লাখ টাকা। একক হিসাব বছরে এটি ব্যাংকের সর্বোচ্চ মুনাফার রেকর্ড। এই বড় অঙ্কের মুনাফা থেকে ব্যাংকটির পর্ষদ ১৫ শতাংশ বা শেয়ারপ্রতি ১ টাকা ৫০ পয়সা হিসেবে মোট ২২৮ কোটি ১৮ লাখ টাকা নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্জিত মুনাফা থেকে যে লভ্যাংশ বিতরণ করা হবে তার হার ১৭ দশমিক ২২ শতাংশ।
এদিকে অর্জিত মুনাফার ১ হাজার ৯৬ কোটি ৮০ লাখ টাকা বা ৮২ দশমিক ৭৮ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়া হবে। আলোচিত হিসাব বছরে ব্যাংকটি আরো ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। সে হিসেবে মুনাফা তহবিল থেকে আরো ২২৮ কোটি ১৮ লাখ টাকা ব্যয় করতে হবে ব্যাংকটিকে। তবে ওই অর্থ ব্যাংক থেকে বের হয়ে যাবে না, বরং চলতি মুলধনে যুক্ত হবে। যার বিপরীতে শেয়ারহোল্ডাররা প্রতি ১০০টি শেয়ারের বিপরীতে ১৫টি করে শেয়ার বুঝে পাবেন। মুনাফার বাকি ৮৬৮ কোটি ৬২ লাখ টাকা সরাসরি ব্যাংকের সংরক্ষিত মুনাফা তহবিলে (রিটেইন আর্নিংস) যুক্ত হবে।
বিজ্ঞাপন
এর আগে ২০২৪ হিসাব বছরে সিটি ব্যাংকের ইপিএস ৭ টাকা ৫৩ পয়সা হিসেবে নিট মুনাফা হয়েছিল ১ হাজার ১৪ কোটি ৩৫ লাখ টাকা। এর বিপরীতে শেয়ারহোল্ডারদের ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিলো। ওই বছরও মুনাফার ৮৩ শতাংশ ব্যাংকে রেখে দেয় সিটি ব্যাংক কর্তৃপক্ষ।
১৯৮৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সিটি ব্যাংকের বর্তমান পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৫২১ কোটি ২২ লাখ টাকা। ঘোষিত স্টক লভ্যাংশ বিতরণ শেষ হলে পরিশোধিত মূলধনের পরিমাণ বেড়ে দাঁড়াবে ১ হাজার ৭৪৮ কোটি ৪০ লাখ টাকা।
এমএমএইচ/জেডএস
