জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্সে আবেদনের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন।
রোববার (১ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে www.nu.ac.bd/admissions গিয়ে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন শেষে আবেদন ফি বাবদ এক হাজার টাকা সংশ্লিষ্ট কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি কলেজে ২৩ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
এদিকে, কলেজ কর্তৃপক্ষকে আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। একইসঙ্গে কলেজ থেকে আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে প্রতি আবেদনকারী ৮০০ টাকা হারে ভর্তি ফান্ডে জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী, ফি দিতে কলেজগুলোকে নিজ নিজ লগইনের মাধ্যমে Application Payment Info (Honours Prof.) অপশনে গিয়ে পে-স্লিপ ডাউনলোড করতে হবে। পরে নির্ধারিত পে-স্লিপের প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত যোগ্যতা, শর্ত ও নির্দেশনা জানতে আগ্রহীদের ভর্তি ওয়েবসাইটের Professional অপশনে গিয়ে Admission Guideline লিংকে ক্লিক করতে বলা হয়েছে। তবে গত ২৩ ডিসেম্বর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লিখিত সব শর্ত ও নিয়মাবলি অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।
আরএইচটি/জেডএস