জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে দেশের বিভিন্ন বিভাগ ও জেলাভিত্তিক নির্ধারিত কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কেন্দ্রসমূহের জন্য জরুরি করণীয় ও কঠোর নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
রোববার (১২ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রগুলোকে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কেন্দ্র তালিকা এবং পরীক্ষার্থীদের তালিকা ডাউনলোড করতে বলা হয়েছে। এতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা গ্রুপভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা ও রোল নম্বর উল্লেখ থাকবে, যার ভিত্তিতে কেন্দ্রগুলো আসন বিন্যাস করবে।
একইসঙ্গে কেন্দ্রগুলোকে হাজিরাপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। হাজিরাপত্রে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, অ্যাপ্লিকেশন আইডি ও ছবি থাকবে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা প্রবেশপত্রের ছবির সঙ্গে মিলিয়ে পরীক্ষার্থীদের শনাক্ত করে হাজিরাপত্রে স্বাক্ষর গ্রহণ করবেন।
আসন বিন্যাসের ক্ষেত্রে বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের মধ্যে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখতে হবে। প্রতিটি কক্ষে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা গ্রুপের আসন এমনভাবে সাজাতে হবে, যাতে তা ১০-এর গুণিতক হয়। এতে হাজিরাপত্র ব্যবস্থাপনা সহজ হবে এবং অন্য কক্ষে নেওয়ার প্রয়োজন হবে না।
বিজ্ঞাপন
নির্ধারিত কলেজের মূল ক্যাম্পাসে আসন সংকুলান না হলে জেলা শহরের অধিভুক্ত বেসরকারি কলেজ কিংবা প্রয়োজনে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা যাবে। তবে নিরাপত্তা ঝুঁকি বা যানজটের আশঙ্কা রয়েছে এমন প্রতিষ্ঠান ভেন্যু হিসেবে নির্বাচন না করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষার অন্তত তিন দিন আগে আসন বিন্যাসের তালিকা কলেজের ওয়েবসাইট, নোটিশ বোর্ড ও কেন্দ্রের মূল ফটকে প্রকাশ করতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট কলেজগুলোতেও এ তালিকা পাঠাতে হবে, যাতে পরীক্ষার্থীরা আগেই নিজেদের আসন সম্পর্কে জানতে পারে।
পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্র কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে তাদের অভিভাবকদের সঙ্গে আগেই যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরএইচটি/এনটি
