আজ থেকে ঈদ পর্যন্ত বন্ধ বিশ্ববিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং

রোজায় জনভোগান্তি কমানো এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুল এবং সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (৯ মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকার ঘোষিত ছুটি পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক আদেশ ও প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রমজান মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের জনভোগান্তি নিরসন এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে সোমবার থেকে ঈদুল ফিতর উপলক্ষ্যেসরকার ঘোষিত ছুটি পর্যন্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আবশ্যিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
একই সিদ্ধান্তে বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার থেকে ঈদুল ফিতর পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এই ছুটি কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের গত ৫ মার্চের এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ১১ দফা বিশেষ নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করে জানালা-দরজা খোলা রেখে আলো ব্যবহারের ব্যবস্থা করতে হবে। বিদ্যুতের অপচয় রোধে বিদ্যমান বাতির অর্ধেক ব্যবহার এবং অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বন্ধ রাখতে হবে।
বিশেষ করে এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে বলা হয়েছে। এ ছাড়া অফিস কক্ষ ত্যাগের সময় এবং অফিস সময় শেষে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সব ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি বন্ধ রাখা নিশ্চিত করতে হবে। করিডোর, সিঁড়ি বা ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো যাবে না এবং সব ধরনের আলোকসজ্জা পরিহার করতে হবে।
একই সঙ্গে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে গাড়ির ব্যবহার সীমিত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদের সই করা এই নির্দেশনা বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
আরএইচটি/এমএসএ