১৬ সরকারি কমার্শিয়াল কলেজে নতুন পদ সৃষ্টির উদ্যোগ

সরকারি কমার্শিয়াল কলেজগুলোতে প্রতিষ্ঠানভিত্তিক নতুন পদ সৃষ্টির জন্য প্রস্তাব পাঠাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ জন্য দেশের ১৬টি সরকারি কলেজকে পূর্ণাঙ্গ প্রস্তাব প্রস্তুত করে নির্ধারিত সময়ের মধ্যে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।
রোববার (৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এইচআরএম ইউনিট থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, এই কলেজগুলোকে আগামী ২ এপ্রিলের মধ্যে পদ সৃষ্টির পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠাতে হবে। প্রস্তাবটি সংযুক্ত নমুনা কপি অনুসরণ করে প্রস্তুত করতে হবে এবং তা বাইন্ডিং করা চার কপি বই আকারে উপ-পরিচালক (এইচআরএম), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা বরাবর পাঠাতে হবে। পাশাপাশি এর সফটকপি [email protected] ই-মেইলেও পাঠাতে বলা হয়েছে।
যেসব কলেজকে এ নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে— কুমিল্লা সরকারি সিটি কলেজ, মহিপাল সরকারি কলেজ (ফেনী), বাকলিয়া সরকারি কলেজ (চট্টগ্রাম), পাবনা সরকারি কলেজ, বগুড়া সরকারি কলেজ, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ (রাজশাহী), যশোর সরকারি কলেজ, কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজ, সরকারি জয় বাংলা কলেজ (খুলনা), আলেকান্দা সরকারি কলেজ (বরিশাল), শাহ পরান সরকারি কলেজ (সিলেট), মোহাম্মদপুর সরকারি কলেজ (ঢাকা), ফরিদপুর সরকারি কলেজ, দিনাজপুর সরকারি সিটি কলেজ, রংপুর সরকারি সিটি কলেজ এবং ময়মনসিংহ সরকারি কলেজ।
আরএইচটি/জেডএস