বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ হতে লাগবে ১৮ বছরের অভিজ্ঞতা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সংশোধনী অনুযায়ী, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবং ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে আবেদনের অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এমপিওভুক্ত ডিগ্রি কলেজ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক, জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক হিসেবে মোট ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে এসব পদে আবেদন করা যাবে।
মঙ্গলবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৪’ রিভিউ–সংক্রান্ত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাতেই এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়েছে।
নতুন সংশোধিত নীতিমালা অনুযায়ী, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসার সাধারণ বিষয়ের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের জন্য সমমানের অভিজ্ঞতার সুযোগ রাখা হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষকরাও ২ বছরের প্রশাসনিক অভিজ্ঞতাসহ মোট ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতায় অধ্যক্ষ হওয়ার সুযোগ পাবেন।
সংশোধিত ওই নীতিমালায়, মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদের অভিজ্ঞতায় স্বচ্ছতা আনা হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক বা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ৩ বছরের প্রশাসনিক অভিজ্ঞতাসহ মোট ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে আবেদনের যোগ্য হবেন। এমনকি সহকারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে ১৮ বছরের অভিজ্ঞতা থাকলেও নির্দিষ্ট শর্তে উচ্চতর পদে আবেদনের সুযোগ রাখা হয়েছে। এছাড়া নীতিমালার ১১.২৪ অনুচ্ছেদ অনুযায়ী ইনডেক্সধারী শিক্ষকদের ক্ষেত্রেও ১৮ বছরের অভিজ্ঞতার বাধ্যবাধকতা বহাল রাখা হয়েছে।
ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও স্নাতক পর্যায়ের উপাধ্যক্ষ নিয়োগেও রয়েছে শর্ত
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এই পরিপত্রে ডিগ্রি ও স্নাতক (সম্মান) কলেজের শীর্ষ পদে নিয়োগের শর্তও স্পষ্ট করা হয়েছে। এখন থেকে ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে ডিগ্রি কলেজের অধ্যক্ষ হওয়া যাবে। একইভাবে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষ পদে কর্মরতরাও ১৮ বছরের মোট অভিজ্ঞতায় সমমানের পদে আবেদনের সুযোগ পাবেন বলেও জানানো হয়েছে।
আরএইচটি/জেডএস