বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হামে আক্রান্ত হয়ে ছয় মাস বয়সী যমজ দুই শিশুর একজনের মৃত্যু এবং অন্যজনের আইসিইউতে চিকিৎসাধীন থাকার সংবাদ প্রকাশের পরপরই হাসপাতালে ছুটে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন শিশু রুহিকে দেখতে যান। এ সময় তিনি শিশুটির মা কনিকা বেগমকে সান্ত্বনা দেন এবং পরিবারের খোঁজখবর নেন।

পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজ আমি এখানে কোনো আনুষ্ঠানিক পরিদর্শনে আসিনি, মানবিক কারণে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি, যমজ দুই বোন রিসা ও রুহি হামে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়। এর মধ্যে রিসা মারা গেছে এবং রুহি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।’
মন্ত্রী আরও জানান, এ ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী গভীরভাবে মর্মাহত ও শোকাহত হয়েছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি সরাসরি পরিবারটির সঙ্গে দেখা করতে এসেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এই পরিবারের পাশে থাকবেন এবং তাদের দেখভাল করবেন– এ কথাও আমি তাদের জানিয়েছি। বর্তমানে চিকিৎসাধীন রুহির চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, তার সবকিছুর দায়িত্বও সরকার নেবে; ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে সে নির্দেশ দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, গত ৭ এপ্রিল ‘যমজ শিশুর একটির লাশ মায়ের কোলে, অপরটি আইসিইউতে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। সংবাদে জানানো হয়েছিল, কনিকা বেগম তার ছয় মাস বয়সী যমজ সন্তান রিসা ও রুহিকে হামে আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় রিসা মারা যায় এবং রুহিকে উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে স্থানান্তর করা হয়। এই প্রতিবেদনটি নজরে আসার পরই সরকারের পক্ষ থেকে দ্রুত এই পদক্ষেপ নেওয়া হলো।
এমএল/বিআরইউ
