বিশ্বনেতাদের সঙ্গে করমর্দনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবজ্ঞা করতে দেখা গেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে। রাজধানী প্যারিসে অনুষ্ঠিত বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনে এই দৃশ্য দেখা গেছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, মঙ্গলবার প্যারিসে এআই শীর্ষ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হ্যান্ডশেক প্রচেষ্টাকে উপেক্ষা করতে দেখা গেছে। সম্মেলনের ফুটেজে এই দৃশ্য উঠে এসেছে।
— Saral Patel (@SaralPatel) February 11, 2025
ভিডিও ফুটেজে দেখা গেছে, মোদি করমর্দনের জন্য ম্যাক্রোঁর দিকে হাত বাড়াচ্ছেন। তবে ম্যাক্রোঁ সেখানে উপস্থিত অন্যান্য অংশগ্রহণকারীদের সাথে করমর্দন করলেও মোদির দিকে হাত বাড়াননি।
আনাদোলু বলছে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে অন্যান্য নেতাদের মধ্যে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সাথে আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।
মোদির হাত বাড়ানোর পরও তার সঙ্গে করমর্দন না করার এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, কেউ কেউ এটিকে কূটনৈতিক অসম্মান হিসেবেও ব্যাখ্যা করেছেন। আবার অন্যরা মনে করছেন, এটি অনিচ্ছাকৃতও হতে পারে।
ফরাসি বা ভারত সরকার এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি।
ফ্রান্সের রাজধানী প্যারিসে দুই দিনের এই কৃত্রিম বুদ্ধিমত্তা আন্তর্জাতিক সম্মেলনে প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান, শীর্ষ সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।
আরও পড়ুন
এছাড়া চীনের উপ-প্রধানমন্ত্রী ঝাং গুওকিংও ছিলেন অতিথিদের মধ্যে। চীনের ডিপসিক গত মাসে কৃত্রিম বুদ্ধিমত্তায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়েছে।
ফলে আগামী দিনগুলোতে এই প্রতিযোগিতার ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ অনেকগুণ বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে নিয়ন্ত্রণবিহীন কৃত্রিম বুদ্ধিমত্তা যে বিপদ বয়ে আনতে পারে, সে বিষয়েও রয়েছে শঙ্কা।
টিএম
