বিশ্বের সর্ববৃহৎ রণতরী ইরান থেকে মাত্র আড়াই হাজার কি. মি দূরে

যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সর্ববৃহৎ রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড গ্রিসের ক্রিট দ্বীপের সুদা বে নৌঁঘাটিতে এসেছে। বর্তমানে এটি ইরান থেকে মাত্র আড়াই হাজার কিলোমিটার দূরে রয়েছে।
গত কয়েকদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের শঙ্কা তৈরি হওয়ার পর ইউএসএস জেরাল্ড ফোর্ডকে মধ্যপ্রাচ্যের জলসীমায় আসার নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের শর্ত মেনে চুক্তি করবে। যে শর্ত মানলে ইরানকে তাদের পরমাণু কর্মসূচি বাতিল করে দিতে হবে, মিসাইলের দূরত্ব বা রেঞ্জ কমাতে হবে এবং হিজবুল্লাহ ও হামাসের মতো প্রক্সি বাহিনীকে সহায়তা করতে পারবে না।
ট্রাম্প একাধিকবার হুমকি দিয়েছেন যদি ইরান তাদের শর্ত মেনে চুক্তি না করে তাহলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে।
এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে একটি রণতরীসহ যুদ্ধজাহাজের বিশাল বহর জড়ো করেছে যুক্তরাষ্ট্র। তার সঙ্গে যোগ দিতে আসছে ইউএসএস জেরাল্ড ফোর্ড।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, রণতরীটি গতকাল সোমবার গ্রিসের এ দ্বীপে এসে পৌঁছায়। তবে এ ব্যাপারে এএফপির কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায় গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া এথেন্সে অবস্থিত মার্কিন দূতাবাসও কোনো কিছু বলেনি।
সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, মধ্যপ্রাচ্যে একইসঙ্গে যুক্তরাষ্ট্রের দুটি রণতরী থাকা বেশ বিরল ব্যাপার। এসব রণতরীতে কয়েক ডজন যুদ্ধবিমান এবং হাজার হাজার সেনা থাকে।
গত বছরের জুনে মার্কিন বিমানবাহিনী যখন ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালিয়েছিল, তখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ ছিল।
সূত্র: এএফপি
এমটিআই