ভাইরাল সেই বানরকে নিয়ে নিষ্ঠুর ব্যবসা

একদল বানর মারধর করছে, তাদের থেকে বাঁচতে দৌড়ে গিয়ে একটি পুতুলকে জড়িয়ে ধরছে পাঞ্চ নামের একটি ছোট বানর। এ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যা অনেকের মনে দাগ কেটেছে। আবার অনেকে বিষয়টিকে সুন্দর হিসেবেও অভিহিত করেছেন।
জাপানের টোকিওর ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার এ বানরের ভিডিওর মাধ্যমে চিড়িয়াখানার এ প্রাণীর সঙ্গে হওয়া নিষ্ঠুরতা আড়ালে পড়েছে বলে জানিয়েছেন অধিকারকর্মীরা। তারা বলছেন, বানরটি এখন ব্যবসার বিষয়ে পরিণত হয়েছে। তার কারণে চিড়িয়াখানার দর্শনার্থী বেড়েছে। আবার যে পুতুলটিকে সে জড়িয়ে ধরেছিল, সেই পুতুলের বিক্রিও ব্যাপকহারে বেড়েছে।
পিপল ফর দ্য ইথিকাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পিটা) নামে একটি সংস্থা বলেছে, "চিড়িয়াখানা কোনো অভয়ারণ্য নয়—এগুলো আসলে পশুদের বন্দীশালা; যেখানে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয় এবং কেড়ে নেওয়া হয় তাদের সেই স্বাভাবিক সামাজিক জীবন ও বন্য পরিবেশ, যা তাদের প্রকৃতিতে পাওয়ার কথা ছিল।"
সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক জ্যাসন বেকার বলেছেন, “আসলে ছোট বানরটির কার্যক্রমকে অনেকে কিউট হিসেবে অভিহিত করেছেন। কিন্তু বিষয়টি আসলে একাকিত্ব ও আপনজন হারানো শোকার্ত এক অবুঝ প্রাণীর যন্ত্রণার প্রতিচ্ছ্ববি।”
যদি প্রাণীকে তার সঠিক জায়গায় বাঁচতে না দেওয়া হয় তাহলে পাঞ্চের মতো বানররা এমন কঠিন পরিস্থিতির শিকার হয়েই যাবে উল্লেখ করে তিনি বলেছেন, “যতক্ষণ পর্যন্ত চিড়িয়াখানাগুলো প্রাণীদের কেবল বিনোদনের বস্তু হিসেবেই দেখবে। ততক্ষণ পাঞ্চের মতো প্রাণীদের এভাবেই বন্দিদশায় কষ্ট পেতে হবে। তাকে প্রকৃতিতে ছেড়ে দিতে হবে। যেখানে সে প্রাকৃতিকভাবে বড় হতে পারবে।”
সংস্থাটি উল্লেখ করেছে, ছোট এ বানরটির জন্ম হয় গত জুলাইয়ে। এরপর তার মা তাকে ছেড়ে চলে যায়। সেই থেকে বানরটি একাই বড় হচ্ছে। আর তার সঙ্গে আছে একটি পুতুল।
ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই ওই চিড়িয়াখানায় যাচ্ছেন। পাঞ্চ যে পুতুলটি জড়িয়ে ধরেছিল সেটি একটি ওরাংওটাংয়ের। সুইডিশ কোম্পানি আইকেইএ এটি তৈরি করেছে। পাঞ্চের ভিডিও ভাইরাল হওয়ার পর এ পুতুলটির বিক্রিও ব্যাপক হারে বেড়েছে।
সংস্থাটি বলেছে, বানরটি কষ্টকে পুঁজি করে আসলে অনেকে ব্যবসা করছেন। অনেকে তাকে বিনোদনের বস্তু বানিয়েছেন।
বানরটি বর্তমানে অন্যান্য বানরের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে এবং তার কাছ থেকে মানুষকে একটু দূরে রাখা হচ্ছে।
সূত্র: এএফপি
এমটিআই