ইরানে অভিযান দীর্ঘ হতে পারে, আবার দুই-তিনদিনের মধ্যে শেষ হতে পারে

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা দীর্ঘ হতে পারে আবার এটি দুই থেকে তিনদিনের মধ্যে শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অভিযান শেষে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে একাধিক ‘অপশন’ রয়েছে।
সংবাদমাধ্যম এক্সিওসকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারি। আবার দুই থেকে তিনদিনের মধ্যে হামলা শেষ করে ইরানিদের বলতে পারি, যদি আপনারা আবারও পারমাণবিক কার্যক্রম চালান তাহলে, কয়েক বছর পর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, অর্থাৎ হামলা চালাব।”
শনিবার সকালে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।
ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে তারা পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন। কিন্তু আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় শনিবার হামলা চালানোর জন্য সবুজ সংকেত দিয়েছেন।
তিনি বলেছেন, “ইরানিরা চুক্তির কাছাকাছি ছিল, কিন্তু আবার সরে গেছে। চুক্তির কাছাকাছি এসেছে আবার সরে গেছে। তখন আমি বুঝতে পেরেছি তারা সত্যিকার অর্থে চুক্তি চায় না।”
সূত্র: এক্সিওস
এমটিআই