‘ইঁদুরের মতো লুকিয়ে আছে ইরানি নেতৃত্ব’, দাবি মার্কিন প্রতিরক্ষা সচিবের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের সামরিক সক্ষমতা ধূলিসাৎ হয়ে গেছে এবং দেশটির শীর্ষ নেতৃত্ব এখন ভয়ে ‘ইঁদুরের মতো’ ভূগর্ভে লুকিয়ে আছে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ।
বিজ্ঞাপন
শুক্রবার পেন্টাগনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি মার্কিন হামলায় মারাত্মকভাবে আহত এবং সম্ভবত ‘বিকৃত’ হয়ে গেছেন বলেও দাবি করেন হেগসেথ। সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা সচিব ইরানের বর্তমান নেতৃত্বের শোচনীয় অবস্থা তুলে ধরে বলেন, ‘ইরানের নেতৃত্বের অবস্থাও ভালো নয়। তারা চরম হতাশ এবং হন্যে হয়ে লুকিয়ে বেড়াচ্ছে। তারা এখন ভূগর্ভে চলে গেছে, ঠিক ইঁদুরের মতো ভয়ে কুঁকড়ে আছে।’
সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির একটি লিখিত বার্তা পড়ে শোনানো হয়। সেই বার্তার সত্যতা নিয়ে তীব্র সন্দেহ প্রকাশ করেছেন হেগসেথ। তিনি বলেন, ‘তিনি (মোজতবা) গতকাল একটি বিবৃতি দিয়েছেন, আসলে এটি একটি অত্যন্ত দুর্বল বিবৃতি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেখানে কোনো কণ্ঠস্বর ছিল না এবং কোনো ভিডিও ছিল না।’
বিজ্ঞাপন
ইরানের প্রচার মাধ্যমের সক্ষমতার কথা উল্লেখ করে হেগসেথ প্রশ্ন তোলেন, ‘ইরানের প্রচুর ক্যামেরা এবং প্রচুর ভয়েস রেকর্ডার আছে, তাহলে কেন শুধুমাত্র একটি লিখিত বিবৃতি দেওয়া হলো? আমি মনে করি আপনারা সবাই এর কারণ জানেন। তার বাবা মৃত। তিনি নিজে ভীত, আহত এবং পালাচ্ছেন। সর্বোপরি তার বৈধতার অভাব রয়েছে। এটি তাদের জন্য একটি জগাখিচুড়ি পরিস্থিতি।’
পেন্টাগনের এই ব্রিফিংয়ে হেগসেথ দাবি করেন, মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ১৫,০০০-এর বেশি হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা, বিমান বাহিনী এবং নৌবাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাও ৯০ শতাংশের বেশি কমে গেছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত ১,৪৪৪ জন নিহত এবং ১৮,৫৫১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
সূত্র : সিএনএন
এমএআর/