তেল ও গ্যাস সম্পদের ওপর অধিক নিয়ন্ত্রণ লাভ করাই ইরান ও ভেনিজুয়েলায় সরকার পরিবর্তনের বিষয়ে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ওই মন্তব্য করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, ইরান ও ভেনিজুয়েলায় সরকার পরিবর্তনের মার্কিন পরিকল্পনার প্রধান লক্ষ্য তেলের ওপর অধিক নিয়ন্ত্রণ লাভ। তিনি আমেরিকার এই পরিকল্পনার সমালোচনা করেছেন।
ল্যাভরভ বলেন, ইরান এবং তার প্রতিবেশীদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক চায় না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। একই সঙ্গে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বড় সংঘাতে রূপ নিতে পারে।
রাশিয়ার এই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানে চলমান সরকার পরিবর্তন প্রচেষ্টার উদ্দেশ্য হলো তেল ও গ্যাস সম্পদের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ অর্জন। তবে ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান হামলায় মধ্যপ্রাচ্য সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে।
বিজ্ঞাপন
এর আগে, গত রোববার ইরানের তেলসম্পদ এবং ‘অর্থনীতির মেরুদণ্ড’ নামে পরিচিত খার্গ দ্বীপের দখল নেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র বিবেচনা করছে বলে মন্তব্য করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সত্যি বলতে কি, আমার সবচেয়ে পছন্দের কাজ হলো ইরান থেকে তেল নেওয়া। কিন্তু (যদি আমি তা শুরু করি তাহলে) যুক্তরাষ্ট্রের কিছু নির্বোধ লোক বলবে, ‘আপনি এটা কেন করছেন?’ তবে তারা নির্বোধ।
বিজ্ঞাপন
খার্গ দ্বীপের দখল নেওয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমরা খার্গ দ্বীপের দখল নিতে পারি, না ও নিতে পারি... এমনও হতে পারে যে খার্গ দ্বীপের দখল নিয়ে আমরা সেখানে কিছু সময়ের জন্য অবস্থানও নিতে পারি—আমাদের হাতে অনেক বিকল্প আছে।
খার্গ দ্বীপে ইরানের প্রহরা ও প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমার মনে হয় না খার্গ দ্বীপে ইরানের আর কোনও প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর আছে। আমরা খুব সহজেই সেটির দখল নিতে পারি।
সূত্র: আল জাজিরা, ফিন্যান্সিয়াল টাইমস।
এসএস
