যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এবং এটির প্রকাশক রুপার্ট মুরডকের বিরুদ্ধে করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) আদালত তার সিদ্ধান্ত জানান।
বিজ্ঞাপন
কুখ্যাত যৌন অপরাধী এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল ওয়ালস্ট্রিট জার্নাল। এরপর গত গ্রীষ্মে ফ্লোরিডার একটি আদালতে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা দেন ট্রাম্প।
গত ১৭ জুলাই ওয়ালস্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালে এপস্টিনকে তার ৫০তম জন্মদিনে একটি বই উপহার দেওয়া হয়। যেখানে প্রভাবশালী ব্যক্তিদের বার্তা এবং লেখা ছিল। ওই বইয়ে ট্রাম্পও এপস্টিনের জন্য বার্তা দিয়েছিলেন। শুধু বার্তাই নয় তিনি এক নারীর ছবিও এঁকেছিলেন। যেটি ওই বইয়ে ছিল।
তবে ট্রাম্প এ দাবি অস্বীকার করেন এবং ওয়ালস্ট্রিট জার্নালের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা করেন।
বিজ্ঞাপন
আজ ট্রাম্পের এ মামলা খারিজ করে দিয়ে যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক ড্যারিন গায়েলস বলেছেন, ওয়ালস্ট্রিট জার্নাল তার বিরুদ্ধে খারাপ কিছু করেছে এমন কোনো প্রমাণই ট্রাম্প দেখাতে পারেননি। যদিও ট্রাম্পের মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে। তবে আগামী ২৭ এপ্রিলের মধ্যে মামলায় পরিবর্তন এনে তিনি এটি আবারও দায়ের করতে পারবেন।
ট্রাম্প সরাসরি ওই জন্মদিনের বইয়ের কথা অস্বীকার করেন এবং যারা ‘মিথ্যা’ তথ্য ছড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
সূত্র: বিবিসি
বিজ্ঞাপন
এমটিআই
