বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র-ইরানকে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তাব পাকিস্তানের

অ+
অ-
যুক্তরাষ্ট্র-ইরানকে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তাব পাকিস্তানের

১১ এপ্রিলের সংলাপের ব্যর্থতার পর যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। দেশটির দুই জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এপি।

বিজ্ঞাপন

এক কর্মকর্তা এপিকে বলেছেন, “আমরা যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদের চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফা সংলাপের প্রস্তাব দিয়েছি। (দ্বিতীয় দফা সংলাপের জন্য) তারা ইসলামাবাদে এলে খুবই ভালো; যদি তারা অন্যকোথাও সংলাপে বসতে চান— সে ব্যবস্থাও করা যাবে।”

আরেক কর্মকর্তা এপিকে বলেছেন, “চুক্তি ছাড়াই শেষ হলেও ইসলামাবাদের সংলাপ বিচ্ছিন্ন কোনো প্রচেষ্টা ছিল না, বরং এটি একটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অংশ ছিল।”

ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত দুই যুগ ধরে দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলছে যুক্তরাষ্ট্রের। এ দুই ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

বিজ্ঞাপন

তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

মার্চের প্রথম সপ্তাহে এই যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকায় আসে পাকিস্তান। মূলত পাকিস্তানের প্রচেষ্টাতেই গত ৭ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান।

আলোচনা ও কূটনীতির ভিত্তিতে বিদ্যমান সমস্যা মতপার্থক্যগুলো দূর করা এবং একটি স্থায়ী শান্তি ও সমঝোতা চুক্তি স্বাক্ষরে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন মার্কিন ও ইরানি প্রতিনিধি দলের সদস্যরা।

বিজ্ঞাপন

তবে সেই বৈঠক ব্যর্থ হয়েছে। ২১ ঘণ্টা ধরে আলোচনার পর কোনো প্রকার চুক্তি স্বাক্ষর না করেই নিজ নিজ দেশে ফিরে গেছেন প্রতিনিধি দলের সদস্যরা।

সূত্র : এপি, টাইমস অব ইসরায়েল

এসএমডব্লিউ