মোসাব্বির হত্যা : শুটার রহিম পাঁচ দিনের রিমান্ডে

রাজধানীর পশ্চিম তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার মো. রহিম ওরফে শুটার রহিমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের পরিদর্শক মুহাম্মদ আমিনুল ইসলাম আসামি রহিমকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ডের এই আদেশ দেন।
তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে বলা হয়, এ মামলায় এর আগে গ্রেপ্তার হওয়া ‘শুটার’ জিন্নাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ওই জবানবন্দিতে সে জানায় যে রহিমই ভিকটিমকে গুলি করেছে। এছাড়া সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেও ঘটনার সত্যতা পাওয়া গেছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার, মূল হোতাদের চিহ্নিতকরণ এবং অর্থ লেনদেনের উৎস সন্ধানে আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
গত ৭ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে পশ্চিম তেজতুরী বাজারের হোটেল সুপার স্টারের পাশের গলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমানকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এতে মোসাব্বিরসহ দুজন গুলিবিদ্ধ হন। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত সুফিয়ান বেপারী মাসুদকে (৪০) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামি করে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।
এনআর/বিআরইউ