সেনাবাহিনীকে নিয়ে গিবত গেয়েছেন ইকবাল করিম : জিয়াউলের আইনজীবী

জবানবন্দিতে সেনাবাহিনীকে নিয়ে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া গিবত গেয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউলের বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন ইকবাল করিম।
নাজনীন নাহার বলেন, জিয়াউল আহসানের মামলায় আজ জবানবন্দি দিতে এসেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তার জবানবন্দি এখনও শেষ হয়নি। একটি গৌরবময় অধ্যায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর। দেশ গঠনে, বিপদে-আপদে বা কোনো সংকটে পড়লে আমরা সেনাবাহিনীর দিকে তাকিয়ে থাকি। দীর্ঘ ৪০ বছর সেনাবাহিনীতে কাজ করেছেন ইকবাল করিম ভূঁইয়া। তিনি সেনাপ্রধান ছিলেন। অথচ এই সেনাবাহিনী সম্পর্কে অনেক গিবত গেয়েছেন তিনি। একজন সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে এটা আমি আশা করিনি।
তিনি বলেন, জবানবন্দিতে উনি (ইকবাল করিম) বলেছেন যে, ১৯৭২ সাল থেকে এখন পর্যন্ত যত অন্যায়-অপরাধ হয়েছে সব কিছুর সঙ্গে সেনাবাহিনী যুক্ত। উনার মোদ্দাকথা আমি এটুকুই বুঝতে পেরেছি। তার জবানবন্দি সম্পন্ন হলে আমরা বলব।
এমআরআর/এমজে