কুমিল্লা-৩ আসনে বিএনপির কায়কোবাদের প্রার্থিতা বাতিলে লিভ টু আপিল খারিজ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
আদালতে কায়কোবাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু।
তুরস্কের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে কায়কোবাদের মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল করেন ওই আসনে জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেল। তবে হাইকোর্ট কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বাতিল চেয়ে রিট খারিজ করেন হাইকোর্ট।
গত ১৯ জানুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রাখেন নির্বাচন কমিশন (ইসি)।
কায়কোবাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা আপিলের শুনানি নিয়ে সেদিন নির্বাচন কমিশন তার প্রার্থিতা বহাল রেখে রায় দেন।
এমএইচডি/জেডএস