জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারে হাইকোর্টের রুল

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে রুল জারি করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৫ মার্চ) জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের বেঞ্চ এই রুল জারি করেন।
আদালতে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। রিটে বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র্যাব মহাপরিচালককে।
রিট আবেদনে উল্লেখ করা হয়, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫,৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬,৫১,৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়ে যায়। সরকার এসব অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করলেও এখন পর্যন্ত এর একটি উল্লেখযোগ্য অংশ উদ্ধার করা সম্ভব হয়নি, যা অত্যন্ত উদ্বেগের বিষয়।
পিটিশনে আরও বলা হয়, এই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় জননিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। এসব অস্ত্র বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহৃত হচ্ছে। এমতাবস্থায় সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জনগণের জীবন রক্ষার মৌলিক অধিকার নিশ্চিত করতে রিটটি দায়ের করা হয়। রিট আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত সরকারের প্রতি এই রুল জারি করেন।
এমএইচডি/বিআরইউ