ধনী-গরিবের বৈষম্য কমিয়ে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই : ইশরাক হোসেন

দেশে ধনী ও গরিবের মধ্যকার ব্যবধান কমিয়ে একটি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন।
তিনি বলেন, দেশের সম্পদের একটি বড় অংশ মাত্র অল্প কিছু মানুষের হাতে কুক্ষিগত হয়ে আছে। এই বৈষম্য দূর করে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা হবে, যাতে কেউ অনাহারে না থাকে এবং চিকিৎসা বা বাসস্থানের অভাবে কাউকে কষ্ট পেতে না হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা এবং ঈদ উপহার বিতরণের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দল কেন্দ্রীয় কমিটি।
ইশরাক হোসেন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যাঁরা শহীদ ও আহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদের উপহার পৌঁছে দিতে আমি এখানে এসেছি।’ তিনি আরও জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ গঠন করা হয়েছে। এই অধিদপ্তরের মাধ্যমে শহীদদের গেজেটভুক্ত করা, তাদের পরিবারকে ক্ষতিপূরণ ও ভাতা প্রদান এবং আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করার কাজ চলছে।
শহীদদের তালিকা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যদি কোনো শহীদের নাম এখনো গেজেটভুক্ত না হয়ে থাকে, তবে তাদের পরিবার বা সংশ্লিষ্টরা স্থানীয় জেলা প্রশাসক (ডিসি) অথবা সংগঠনের মাধ্যমে তথ্য প্রদান করতে পারেন। যাচাই-বাছাই শেষে দ্রুত তাদের গেজেটভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
মেহনতি মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ইশরাক হোসেন বলেন, রিকশা, ভ্যান ও অটোচালকরা অক্লান্ত পরিশ্রম করে পরিবার চালান। বিএনপি সব সময় শ্রমজীবী মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছরের রক্তক্ষয়ী আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা বর্তমান সরকারের পবিত্র দায়িত্ব।
শহীদ পরিবারের সদস্যদের প্রতি শোককে শক্তিতে পরিণত করে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সংগঠনের সভাপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক আরিফুর রহমান তুষার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহফুজুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা।
এএসএস/বিআরইউ