তারেক রহমানের নেতৃত্বে গড়ে তোলা হবে মানবিক বাংলাদেশ : ভূমি প্রতিমন্ত্রী

আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি নতুন এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘সারাদেশের হাজার হাজার আইনজীবী প্রতিজ্ঞা করেছিলেন যে, হাসিনা সরকারের পতন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আইনজীবী সমাজ তাদের সেই অঙ্গীকার রক্ষা করতে পেরেছে। আলহামদুলিল্লাহ।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও আমাদের জাতীয় নেতৃবৃন্দের প্রত্যাশা অনুযায়ী আগামী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। যেখানে আইনের শাসন, সাম্য, মানবিক মর্যাদা ও সাংবিধানিক অধিকার সুপ্রতিষ্ঠিত থাকবে। সেই মানবিক বাংলাদেশ গড়ার সারথী হিসেবে দেশের সকল আইনজীবী সমাজকে আমরা পাশে পাব, ইনশাআল্লাহ।’
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘হারানো গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, এখন পালা আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার। বাংলাদেশের সমস্ত আইনজীবীর প্রতি আমার আহ্বান— আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি। যে বাংলাদেশে মানবাধিকার ও সাংবিধানিক অধিকারের কোনো ব্যত্যয় ঘটবে না।’
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এমপি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী তৌহিদুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাহবুবুর রহমান খানসহ আইনজীবী মাকসুদ উল্লাহ, আনিসুর রহমান বিশ্বাস রায়হান ও মো. কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।
এমএইচডি/এমএআর/