বিজ্ঞাপন

জেআইসিতে গুমের মামলায় আযমীর ফের জেরা ২১ এপ্রিল

অ+
অ-
জেআইসিতে গুমের মামলায় আযমীর ফের জেরা ২১ এপ্রিল

জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীর পরবর্তী জেরার জন্য আগামী ২১ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। 

এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ১৩ জন। এর মধ্যে গ্রেপ্তার হয়ে ঢাকার সেনানিবাসের সাব-জেলে রয়েছেন তিন সেনা কর্মকর্তা। তারা হলেন- ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। 

উপস্থিত এই তিনজনের পক্ষে আযমীকে জেরা করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। দিনভর চলাকালীন এ জেরায় প্রশ্নের মাধ্যমে বিভিন্ন জবাব বের করার চেষ্টা করেন তিনি। এর মধ্যে কীভাবে গুম হয়েছিলেন, কোথায়-কী ধরনের কক্ষে রাখা হয়েছিল, সেনাবাহিনী থেকে কোনো ক্ষতিপূরণ পেয়েছিলেন কিনা; এসব বের করার চেষ্টা করেন আইনজীবী।

বিজ্ঞাপন

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তিন নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আযমী। টানা দুদিনের জবানবন্দি সম্পন্ন হয় গত ২ ফেব্রুয়ারি। তিনি গুম জীবনের প্রায় আট বছরের বীভৎস বর্ণনা তুলে ধরেছেন ট্রাইব্যুনালের সামনে। এরই ধারাবাহিকতায় তার জেরা চলমান রয়েছে।

এদিন নিজের জেরা অসমাপ্ত রেখেই আরও দুই সপ্তাহ সময় চান দুলু। তবে পরবর্তী জেরার জন্য আগামী ২১ এপ্রিল দিন ঠিক করেন আদালত।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা।

বিজ্ঞাপন

এদিকে, পলাতক ১০ আসামির পাঁচজনই ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিভিন্ন মেয়াদে। এর মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল (অব.) হামিদুল হক।

বাকিরা হলেন- শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক।

এমআরআর/জেডএস