রাজধানীর অভিজাত এলাকা বনানী-গুলশানে পরিচালিত অনুমোদনবিহীন সিসা (শিশা/হুক্কা) বার ও লাউঞ্জ বন্ধে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন এবং মাদকের বিরুদ্ধে ঘোষিত 'জিরো টলারেন্স' নীতি কার্যকর করার জোর দাবি জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশের কমিশনার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, র্যাব মহাপরিচালকসহ সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা ঢাকা-১৭-এর অন্তর্গত বনানী ও গুলশান এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীন সিসা বার ও লাউঞ্জ অবাধে পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানের আড়ালে মাদক ব্যবসা ও সেবন কার্যক্রম চলমান রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এতে আরও বলা হয়, সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবে কার্যকর হচ্ছে না, যা রাষ্ট্রীয় নীতির পরিপন্থি।
বিজ্ঞাপন
নোটিশে দাবি করা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট অনুমোদনবিহীন সিসা/হুক্কা লাউঞ্জ বন্ধের নির্দেশনা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এতে আইনের শাসন ক্ষুণ্ন হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
এমএইচডি/জেডএস
