রাজধানীর মৌচাক এলাকায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া রিয়াজুল হাসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে আল আমিন মাহিন নামে আরেক আসামিকে চার দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
আজ (বুধবার) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন আসামিদের রিমান্ডের আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল আলম খন্দকার আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন আসামিদের সর্বোচ্চ রিমান্ড মঞ্জুর চেয়ে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। পরে আদালত রিয়াজুলকে পাঁচদিন ও আল আমিনকে চার দিনের রিমান্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এসব তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, সালিশের কথা বলে ডেকে এনে গত সোমবার রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের লিফ্ট ও সিঁড়ি সংলগ্ন এলাকায় ছুরিকারাঘাতে বিল্লালকে খুন করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন মঙ্গলবার রমনা মডেল থানায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, সোমবার রাতে ঢাকা থেকে আল আমিন আর রিয়াজুলকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
এনআর/আরএফ/এনএফ
