রমজানে মানসিক প্রশান্তির জন্য কী করবেন?
রোজা মানে কেবল না খেয়ে থাকা না, রমজান হলো আত্মশুদ্ধির মাস। আপনার সারা বছরের মানসিক বিক্ষিপ্ততা দূর করার একটি সুবর্ণ সময় হলো রমজান মাস। সেজন্য অতিরিক্ত সবকিছু দূরে সরিয়ে আধ্যাত্মিক দায়িত্বগুলো বেশি সময় দিতে হবে। বর্তমান সময়ে আমরা এমন অনেককিছুতেই অভ্যস্ত, যা আসলে আমাদের মানসিক ও শারীরিক নানা সমস্যা সৃষ্টি করে বেশি। সেসব থেকে দূরে থাকতে হবে। চলুন জেনে নেওয়া যাক, এই রমজানে মানসিক প্রশান্তির জন্য কী করবেন-
১. সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন
আপনি যদি এমন কেউ হন যিনি দিনের একটি বড় অংশ সোশ্যাল মিডিয়া ফোরাম ব্রাউজিং এবং সার্ফিংয়ে ব্যয় করেন, তাহলে আপনার অ্যাকাউন্টগুলো সাময়িকভাবে নিষ্ক্রিয় করা বা আপনার ফোন থেকে অ্যাপ্লিকেশনগুলো নিষ্ক্রিয় করা কার্যকরী হতে পারে। বেঁচে যাওয়া সেই সময়কালকে ইবাদতে ব্যায় করতে পারেন যেমন যিকির, দুআ, কুরআন তেলাওয়াত ইত্যাদি।
২. কাজের সময়সূচী সামঞ্জস্য করুন
যদি সম্ভব হয়, আপনার রোজা এবং নামাজের সময় অনুসারে কাজের সময়সূচী সামঞ্জস্য করার কথা বিবেচনা করুন। আপনি আপনার বস বা সুপারভাইজারের সঙ্গে কথা বলেও এটি ঠিক করে নিতে পারেন। অনেক অফিসে রমজান উপলক্ষে কর্মঘণ্টা কমানো হয়। অথবা আপনার যদি নিজস্ব প্রতিষ্ঠান থাকে তাহলে নিজের পাশাপাশি কর্মীদের জন্য এমনটা ভাবতে পারেন।

৩. বিরতি নিন
যিকির হলো আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদতের একটি এবং এটি আপনার ব্যস্ত সময়সূচীতে যোগ করা সত্যিই সহজ। আপনার দৈনন্দিন কাজের মধ্যে যেকোনো অবসর সময়ে কুরআনের কিছু আয়াত পড়ুন বা যিকির করুন। এমনকী আপনি কাজ বা মিটিংয়ের মধ্যে বিরতির সময়টা ব্যবহার করতে পারেন অথবা নামাজ পড়ার পরে কয়েক মিনিট বরাদ্দ করতে পারেন।
৪. আপনার আধ্যাত্মিক দায়িত্বকে অগ্রাধিকার দিন
দিনের বেলায় নামাজ, কুরআন তেলাওয়াত এবং অন্যান্য ধর্মীয় কার্যকলাপের জন্য সময় আলাদা করে রাখুন। আপনার ব্যস্ত কাজের সময়সূচীর মধ্যে আধ্যাত্মিক দায়িত্বগুলো যেন ভুলে না যান সেজন্য ফোনে অনুস্মারক বা অ্যালার্ম সেট করার কথা বিবেচনা করুন।
৫. কাজের চাপ নিয়ন্ত্রণ করুন
রমজান মাসে কাজের চাপ নিয়ন্ত্রণ করা অপরিহার্য যাতে আপনি অতিরিক্ত চাপে না পড়েন বা চাপ অনুভব না করেন। আপনার কাজগুলোকে অগ্রাধিকার দিন এবং এই সময়ে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ এড়িয়ে চলুন। অতিরিক্ত কাজ বা চাপ এড়িয়ে সেই সময়টা ইবাদতে কাজে লাগান। এতে প্রশান্তি মিলবে।
এইচএন
