বিজ্ঞাপন

মাইকিং করে উৎসুক জনতাকে সরে যাওয়ার অনুরোধ

মাইকিং করে উৎসুক জনতাকে সরে যাওয়ার অনুরোধ

কিশোরগঞ্জের ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে। তবে এ ঘটনায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টদের। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনাস্থলে উৎসুক জনতা ব্যাপকহারে ভিড় করছেন। যার কারণে উদ্ধারকাজে ধীরগতি লক্ষ করা যাচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন মাইকিং করে বার বার তাদের সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছেন।

উৎসুক জনতাকে সরে যাওয়ার অনুরোধ

সবশেষ পাওয়া খবর অনুযায়ী, ট্রেন দুর্ঘটনায় উদ্ধারকাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এরই মধ্যে ঢাকা থে‌কে উদ্ধারকারী রি‌লিফ ট্রেন ভৈরবের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

নিখোঁজদের জন্য স্বজনদের আহাজারি

ভৈরব বাজার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাসেল ঢাকা পোস্টকে বলেন, আমরা বিকেল পৌনে ৪টার দিকে দুর্ঘটনার খবর পাই। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনায় কতজন নিহত হয়েছেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।  

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি ও ঢাকা থেকে ছেড়ে আসা কন্টেইনারবাহী একটি ট্রেনের মধ্যে ভয়াবহ এ সংঘর্ষের ঘটনা ঘটে। ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে এগারসিন্দুরের কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে গিয়ে নিচে চাপা পড়েন অনেকে।

এদিকে ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন বলেন, উদ্ধারকাজের জন্য রিলিফ ট্রেন রওনা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে তারপরে ট্রেন চলাচল শুরু হবে।

এমজে