শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।
বিজ্ঞাপন
সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শাহবাগে অবরোধ শুরু করেছে সংগঠনটি।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টায় অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার পর বিক্ষোভকারী শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন। আর ২টার দিকে রাস্তা আবরোধ করে বসে পড়েন তারা।
শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘মোদি না হাদি, হাদি হাদি’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘দালালি না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘তুমি কে আমি কে? হাদি হাদি’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিজ্ঞাপন

প্রসঙ্গত, ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গত শুক্রবার দুপুর থেকে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও যোগ দিয়েছেন।
গত শনিবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আন্দোলন ছড়িয়ে দিতে বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেন। ঘোষণার অংশ হিসেবে গতকাল রোববার দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি। আজ তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে কর্মসূচি চলছে।
এমএমএইচ/এমএন
