পল্লবীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ শুটার আলাল গ্রেপ্তার

রাজধানীর পল্লবী এলাকা থেকে মো. আলাল (৩৭) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার পরিদর্শক তদন্ত মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, পল্লবী থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহানের নেতৃত্বে এসআই সালাউদ্দিন আল মামুন ফোর্স নিয়ে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পল্লবী থানার সেকশন ১১, ব্লকে এফ ৪ নম্বর অ্যাভিনিউয়ের তালতলা বস্তিতে মামুনের ভাড়া বাসায় হালাল নামে এক ব্যক্তির রুমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলালকে আটক করা হয়। আলালের দেওয়া তথ্য মতে ওই ভাড়া বাসার ওয়ারড্রব থেকে ইউএসএর তৈরি ৭.৬ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় আলালের বিরুদ্ধে পল্লবী থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আলালকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সে পল্লবী এলাকায় শুটার আলাল হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে পল্লবী থানায় পুলিশ অ্যাসল্ট মামলা ১টি, ডাকাতির প্রস্তুতি মামলা ২টি, মাদক মামলা ২টি, মারামারি মামলা ২টিসহ মোট ৭টি মামলা বিচারাধীন রয়েছে।
এসএএ/জেডএস