চট্টগ্রামে অস্ত্র-ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাসহ মো. কামাল ওরফে পিচ্চি কামাল (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. কামাল লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদের ছেলে।
সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন ইফানার নেতৃত্বে ক্যাপ্টেন সাব্বির আহম্মেদ সানি, লেফটেন্যান্ট সাদ ও লেফটেন্যান্ট মিথুনসহ ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি টহল দল অভিযান চালিয়ে ঢেমশার একটি বসতঘরে লুকিয়ে থাকা কামালকে গ্রেপ্তার করে। এসময় সেখান থেকে তিন হাজার ইয়াবা, দেশীয় তৈরি একটি দুই নলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। একই ঘটনায় আরেক অভিযুক্ত রাকিব ওই সময় বসতঘরে না থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি।
সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, উদ্ধার মালামাল ও গ্রেপ্তার কামালকে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামি রাকিবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, কামাল লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। গ্রেপ্তার হওয়ার পর জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে কামালের অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ছাড়া চট্টগ্রাম-১৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর সঙ্গে তার একান্ত মুহূর্তের একাধিক ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে।
এমআর/এসএসএইচ