রমজানে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি বহালের আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে

আসন্ন রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি বহাল রাখা এবং শুক্রবার ও শনিবারকে বার্ষিক ছুটির হিসাব থেকে বাদ দেওয়ার আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার (৮ ফেব্রুয়ারি) অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক বি. এম. আব্দুল হান্নান মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আবেদনটি অগ্রায়ণ করেছেন।
এতে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজীর স্বাক্ষরিত একটি আবেদন অধিদপ্তরে জমা পড়েছে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পরবর্তী কার্যার্থে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০২৫ সালের ২৮ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় পবিত্র মাহে রমজান মাসে ৫ মার্চ ২০২৬ পর্যন্ত প্রায় ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, রমজানে রোজা রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করা অত্যন্ত কষ্টসাধ্য। সারাদিন রোজা পালনের পর সন্ধ্যায় তারাবিহ নামাজ আদায় করাও শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করে।
এ ছাড়া আবেদনে অভিযোগ করা হয়, ২০২৬ সালের মার্চ মাসের ১৩, ১৪, ২০ ও ২১ তারিখ, মে মাসের ২৯ ও ৩০ তারিখ এবং ডিসেম্বর মাসের ২৫ ও ২৬ তারিখ— এই মোট ৮ দিন সাপ্তাহিক ছুটিকে বার্ষিক ছুটির হিসাবের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা যুক্তিসংগত নয় বলে দাবি করা হয়। এমন অবস্থায়, পবিত্র রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি বহাল রাখা এবং উল্লিখিত সাপ্তাহিক ছুটিগুলোকে বার্ষিক ছুটির হিসাব থেকে বাদ দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য আবেদনটি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।
আরএইচটি/এমজে