কুড়িগ্রাম-২ আসনে ৭৬ ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তার আবেদন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ আসনের ৭৬টি ভোটকেন্দ্রকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আতিকুর রহমান মুজাহিদ এ বিষয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন।
নির্বাচন কমিশন বরাবর পাঠানো আবেদনে তিনি উল্লেখ করেন, কুড়িগ্রাম-২ আসনের আওতাভুক্ত বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঐতিহাসিকভাবে সংঘাতপ্রবণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। এসব কেন্দ্রে অতীতের নির্বাচনে সহিংসতা, বিশৃঙ্খলা ও ভোটগ্রহণে বাধার ঘটনা ঘটেছে।
আবেদনে বলা হয়, ‘উল্লিখিত ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করা হলে ভোটগ্রহণ ও গণনার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।’
ড. আতিক মুজাহিদ তার আবেদনে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানান, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ, আনসার, বিজিবি ও প্রয়োজনে সেনাবাহিনীর মোতায়েন নিশ্চিত করতে। একই সঙ্গে সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরা স্থাপন ও কঠোর নিরাপত্তা বলয় তৈরির দাবি জানান তিনি।
এ ব্যাপারে আতিক মুজাহিদ জানান- ‘আমরা একটি দলের নেতা-কর্মীদের ব্যবহার দেখে শঙ্কিত, তারা পতিত দলের কায়দায় এগোচ্ছে। আমাদের লোকজনেরাও প্রস্তুত আছে, ভোট চুরির ইতিহাস আর পুনরাবৃত্তি হবে না। আমরা প্রশাসনকে বাড়তি নজরদারির অনুরোধ জানিয়েছি’
আবেদনের সঙ্গে সংযুক্ত তালিকায় কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার মোট ৭৬টি ভোটকেন্দ্রকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে রয়েছে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ।
এ বিষয়ে অনুলিপি পাঠানো হয়েছে কুড়িগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, সেনা ক্যাম্প কমান্ডার, জেলা নির্বাচন কর্মকর্তা, বিজিবি ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে।
এমএসআই/বিআরইউ