ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ আসনের একটি কেন্দ্রে লাগানো সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময়ে আনোয়ারা উপজেলার বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা তাৎক্ষণিকভাবে সেখানে সিসি ক্যামেরা পুনরায় স্থাপন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ক্যামেরা না দেখে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। পরে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া যায়, রাতের কোনো এক সময় পরিকল্পিতভাবে ক্যামেরাগুলো সরিয়ে নেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করা যায়, সে উদ্দেশ্যে সিসি ক্যামেরা সরানোর ঘটনা ঘটে থাকতে পারে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আনোয়ারায় ক্যামেরাটি ভাঙচুর করা হয়নি, সরিয়ে নেওয়া হয়েছিল। ইতোমধ্যে তা পুনঃস্থাপন করা হয়েছে। কেন এবং কীভাবে এটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
চট্টগ্রাম–১৩ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর মাওলানা মাহমুদুল হাসান। এছাড়া আসনটিতে ভোটের মাঠে রয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মোহাম্মদ এমরান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মু. রেজাউল মোস্তফা, খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান ও জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী।
এমআর/এমজে
