বিজ্ঞাপন

চট্টগ্রাম কলেজে বর্ণিল আয়োজনে পয়লা বৈশাখ উদযাপন

অ+
অ-
চট্টগ্রাম কলেজে বর্ণিল আয়োজনে পয়লা বৈশাখ উদযাপন

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম কলেজে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে পয়লা বৈশাখ উদযাপন করা হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস ছিল সরগরম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই ঐতিহ্যবাহী সাজসজ্জা, আলপনা ও বৈশাখী আবহে সেজে ওঠে কলেজ প্রাঙ্গণ। লোকজ সংস্কৃতির উপস্থাপনা এবং আনন্দঘন পরিবেশ সবার মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কলেজের প্রধান ফটকের সংলগ্ন প্রাঙ্গণে স্থাপিত বৈশাখী স্টলগুলো। এসব স্টলে দেশীয় খাবার, পিঠা-পুলি, হস্তশিল্প এবং ঐতিহ্যবাহী নানা সামগ্রী প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের উদ্যোগে সাজানো এসব স্টল দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং দিনভর ভিড় লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি স্টলগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন। পরে তিনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

বিজ্ঞাপন

সাংস্কৃতিক পর্বে নৃত্য, সংগীত ও আবৃত্তির মাধ্যমে বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়। শিক্ষার্থীদের পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন এবং করতালিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পয়লা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব, যা সব ধর্ম ও শ্রেণির মানুষকে একসূত্রে আবদ্ধ করে। তিনি এ উৎসবের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার কথা বলেন। পাশাপাশি কলেজের প্যারেড মাঠ সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

দিনব্যাপী এ আয়োজন শেষে অংশগ্রহণকারীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের ছাপ স্পষ্ট ছিল। সব মিলিয়ে চট্টগ্রাম কলেজে পয়লা বৈশাখ উদযাপন হয়ে ওঠে ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এমআর/এমএন