ভোটের সকালে সড়কে ঢিলেঢালা নিয়ন্ত্রণ

শুরু হয়েছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে ভোটের এই সকালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দেখা গেছে নিরাপত্তা ও যান চলাচলে ঢিলেঢালা নিয়ন্ত্রণের চিত্র।

ভোটের দিন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, খিলক্ষেত ও উত্তরাসহ আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা গেছে, সড়কে গণপরিবহনের চাপ তেমন নেই। বড় দুই-একটি বাস চলাচল করতে দেখা গেলেও সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও ব্যক্তিগত ছোট বাহনের চলাচল ছিল স্বাভাবিক। বিভিন্ন মোড় ও সংযোগ সড়কে সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর এসব গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি। অন্যান্য নির্বাচনের মতো চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রমও ছিল অনুপস্থিত। তবে কিছু এলাকায় সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে।

বিমানবন্দর এলাকায় এক পথচারী নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘ভোটের দিন সকালে ভেবেছিলাম রাস্তায় অনেক কড়াকড়ি থাকবে। কিন্তু তেমনটা দেখিনি। যানবাহন চলাচলও মোটামুটি স্বাভাবিক রয়েছে।’
খিলক্ষেতের এক দোকানি জানান, সকাল থেকেই মানুষ স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে অন্যান্য নির্বাচনের তুলনায় এবার সড়কে নিরাপত্তা বাহিনীর তৎপরতা তুলনামূলক কম মনে হয়েছে।
এমআরআর/বিআরইউ