ভোটকেন্দ্রের পাঁচতলায় ওঠার সময় অসুস্থ হয়ে বয়স্ক ভোটারের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার দনিয়া অগ্রদূত স্কুল ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে মো. আবু সাঈদ সরকার (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. ফারহান ইসরাক নিঝুম বলেন, আমার বাবা কাজলার দনিয়া অগ্রদূত স্কুলের কেন্দ্রে ভোট দিতে যান। ভোটকেন্দ্রের পাঁচতলায় ওঠার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার বাবা হার্টের রোগী ছিলেন, আগে তার দুবার হার্ট অ্যাটাক হয়েছিল।
নিঝুম জানান, তাদের বাসা মুগদার মানিকনগর এলাকার ৭৬/১ নম্বর বাড়িতে। সেখানেই তিনি পরিবার নিয়ে থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা জানতে পেরেছি, ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে সিঁড়িতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে আসা হলে তার মৃত্যু হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএএ/এমএসএ