নারায়ণগঞ্জ-১ আসনের কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিত লক্ষ্য করা গেছে। তারা উৎসব মুখর পরিবেশে ভোট দিতে এসেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।
রূপগঞ্জের গঙ্গানগর প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত ভোট কেন্দ্রে গেলে দেখা যায়, উৎসাহ ও আনন্দের সঙ্গেই ভোট দিতে এসেছেন ভোটাররা। পাশাপাশি উপস্থিত ভোটারদের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য।
কেন্দ্রের বাইরে কথা হয় ভোটার আবদুস সালামের সাথে। তিনি বলেন, ভালোভাবেই ভোট দিতে পেরেছি। কোনো সমস্যা হয়নি। অনেকদিন পর এভাবে ভোট দিতে পেরে ভালো লেগেছে।
রূপগঞ্জের আরেক কেন্দ্র তারাব পৌর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কথা হয় স্থানীয় ভোটার কোরবান আলীর সাথে। তিনি বলেন, ভোটকেন্দ্রের পরিবেশ খুবই ভালো। ভোট দিতে কোনো সমস্যা হয়নি, আনন্দ সহকারেই ভোট দিয়েছি।
কথা হয় তরুণ ভোটারদের সাথেও। ভোটার সাব্বির হোসেন তামিম বলেন, গতবারের নির্বাচনের সঙ্গে এবারের নির্বাচনের একটা পার্থক্য রয়েছে। গতবার ভোটার কম থাকলেও কাস্টিং হয়েছে বেশি। কিন্তু এবার তা হচ্ছে না। ভোটারদের সংখ্যাও বেশি, ভোট কাস্টিংও তেমন হচ্ছে।
ব্রাইট স্টার ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন মো. আলমগীর মিয়া বলেন, ভোট ঠিকঠাক দিয়েছি। কোনো সমস্যা হয়নি। কে জিতবে, সেটা ফলাফলেই দেখা যাবে।
আরেক ভোটার মোজাম্মেল হক বলেন, নির্ভয়েই সবাই ভোট দিতে পেরেছি। আশা করছি- বিএনপি সর্বোচ্চ ভোট পাবে।
তারাব পৌর মাধ্যমিক বিদ্যালয় পুরুষ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ফরিদ হোসেন মোল্লা ঢাকা পোস্টকে বলেন, আমার এখানে মোট ভোটার সংখ্যা ২২৮১ জন। এর মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ৮৩২ জন ভোট দিয়েছেন। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয়নি।
একই কেন্দ্রের মহিলা ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোতালেব খান বলেন, আমার এখানে ২৩১৮টি ভোটার রয়েছে। ১২টা পর্যন্ত ৫৬৯ জন ভোট দিয়েছেন। সবাই সুন্দরভাবেই ভোট দিচ্ছে।
ওএফএ/এমএইচএন/বিআরইউ