ফলাফল পুনর্গণনার দাবি ফেনী-২ আসনের ট্রাক মার্কার প্রার্থীর

ভোটের ফলাফল অপ্রত্যাশিত দাবি করে তা পুনর্গণনার আবেদন জানিয়েছেন ফেনী-২ আসনের ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ তরিকুল ইসলাম ভূঁইয়া।
রোববার (১৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি অভিযোগ তিনি নির্বাচন কমিশনে (ইসি) জমা দেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আমি মোহাম্মদ তরিকুল ইসলাম ভূঁইয়া, ২৬৬ নং ফেনী-২ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের একজন প্রার্থী। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি উক্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। নির্বাচন-পরবর্তী প্রকাশিত ফলাফল পর্যালোচনা করে আমি লক্ষ্য করেছি, আমার নিজ ভোটকেন্দ্র শহীদ মেজর সালাউদ্দিন উচ্চ বিদ্যালয় (৮নং ওয়ার্ড, ফেনী পৌরসভা)-এর ফলাফল অত্যন্ত অস্বাভাবিক ও অপ্রত্যাশিত।
ওই কেন্দ্রে আমি এবং আমার পরিবারেরই মোট ১০ জন ভোটার ভোট প্রদান করেছি। এছাড়া আমার উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী ও সমর্থকও সেখানে ভোট দিয়েছেন। কিন্তু প্রকাশিত ফলাফলের সঙ্গে এই বাস্তব চিত্রের কোনো মিল নেই, যা ফলাফলের স্বচ্ছতা নিয়ে আমার মনে যৌক্তিক ও গুরুতর সংশয় তৈরি করেছে। একইভাবে চারিপুর উচ্চ বিদ্যালয় (১২নং ওয়ার্ড) কেন্দ্রের ফলাফলেও যৌক্তিক সন্দেহ সৃষ্টি হয়েছে।
তরিকুল ইসলাম ভূঁইয়া জানান, এই দুটি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে তার মনে হয়েছে, গণনায় অনিচ্ছাকৃত মানবীয় ত্রুটি বা কারিগরি ভুল হয়ে থাকতে পারে। জাতীয় সংসদ নির্বাচনের মতো বৃহৎ ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এ ধরনের ত্রুটি কাম্য নয়।
তাই ওই দুটি কেন্দ্রের ব্যালটসমূহ পুনরায় গণনার জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে তিনি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ প্রার্থনা করেছেন।
ওএফএ/এমএসএ