কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কারওয়ান বাজারে কাঠের দোকানে লাগা আগুন রাত ১২টা ৩৮ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে রাত ১০টা ২৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, কারওয়ান বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় রাত পৌনে ১১টার দিকে প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও ৫টি ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, কারওয়ান বাজার কাঠপট্টিতে ১টি পাঁচ তলা ভবনের (L আকৃতির) বিভিন্ন ফ্লোরে (৩য়, ৪র্থ ও ৫ম কোন কোন অংশে) আগুন লেগেছে।
ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের ভাষ্যমতে- ২য় থেকে ৫ তলায় হাগিজ ডায়াপার-এর গোডাউন রয়েছে। আশপাশে কাঠের গোডাউন রয়েছে।
এমএসি/বিআরইউ