শিক্ষার দায়িত্ব পেলেন এহসানুল হক মিলন, সামলাবেন ২ মন্ত্রণালয়

শিক্ষা খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও আগের সফলতার ধারাবাহিকতায় দেশের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ড. আ ন ম এহছানুল হক মিলন। নতুন মন্ত্রিসভায় তাকে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব একসঙ্গে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিডিয়া সেলের তালিকাতেও তার নামের পাশে শিক্ষার দুই মন্ত্রণালয়ের দায়িত্ব উল্লেখ করা হয়েছে।
এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। তখনই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি ড. মিলন নিশ্চিত করেন।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকে জয় পান ড. মিলন। তিনি পান ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু নসর আশরাফী পান ৬৭ হাজার ৭৭ ভোট। আসনের ১১০টি ভোটকেন্দ্রের সবগুলোর ফল ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
আরএইচটি/এমএন