চলন্ত ট্রেনে হারানো জাপানি নাগরিকের লাগেজ উদ্ধার, ২ জন গ্রেপ্তার

ঢাকা রেলওয়ে জেলার রেলওয়ে পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে কমলাপুর স্টেশনে যাওয়ার পথে হারানো জাপানি নাগরিক জুনিচি ইটাবাশির লাগেজ উদ্ধার করেছে। অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের তথ্য অনুযায়ী লাগেজটি গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মো. নুর ইসলাম (২৬) ও ইয়ামিন (২২)।
রোববার (২২ ফেব্রুয়ারি) রেলওয়ে জেলার রেলওয়ে পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ ফেব্রুয়ারি জুনিচি ইটাবাশির (৬৪) নামক এক জাপানি নাগরিক বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে তূর্ণা নিশিতা ট্রেনযোগে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে তার সঙ্গে থাকা লাগেজ ব্যাগটি হারিয়ে ফেলেন। এ ঘটনায় একই দিনে তিনি ঢাকা রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ পরিপ্রেক্ষিতে শনিবার (২১ ফেব্রুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেলওয়ে পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে সন্দিগ্ধ মো. নুর ইসলাম ও ইয়ামিনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনা কর জাপানি নাগরিকের হারিয়ে যাওয়া লাগেজ ব্যাগটি গাজীপুর থেকে উদ্ধার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এমএসি/জেডএস