রাষ্ট্রপতির প্রেস সচিব পদে আবারও নিয়োগ পেলেন সরওয়ার আলম

সাবেক সচিব সরওয়ার আলম আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগেও সরওয়ার আলম এই পদে দায়িত্বরত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে সরিয়ে দেওয়া হয়েছিল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, 'সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা-৪৯ অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে সরওয়ার আলমের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।
এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুই বছরের জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব সরওয়ার আলম। তাকে সচিব পদমর্যাদায় এ নিয়োগ দেওয়া হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার তাকে সরিয়ে দিয়েছিল।
এসএইচআর/বিআরইউ